skip to Main Content

ফ্যাশন বিট

নিউইয়র্কের রানওয়েতে বাংলাদেশি ডিজাইনার

মিধাত হুদা। বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার। অংশ নিয়েছেন এ বছরের নিউইয়র্ক ফ্যাশন উইকের প্রথম আসরে। উপস্থাপন করেছেন তার নিজস্ব লাক্সারি স্ট্রিটওয়্যার লেবেল—ডানিয়া। মার্কিন হাই ফ্যাশন আয়োজনে তুলে ধরেছেন এক টুকরো বাংলাদেশকে। নিউইয়র্কের রানওয়েতে মডেলদের পোশাকের সুতা থেকে কাপড়—সবই বাংলাদেশে তৈরি করেছেন মিধাত। নকশা করেছেন নিজেই। আধুনিক পোশাকের প্রিন্টে গুরুত্ব দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংস্কৃতি, ঐতিহ্য, ফ্যাশন নিজস্বতা ও কৃষ্টিকে। দেশীয় রঙিন ফ্যাশনের তীব্র ধাঁচ থেকে বেরিয়ে এসে করেছেন মিনিমাল নকশা। দর্শকদের নজর কেড়েছে পরিচ্ছন্ন সিল্যুয়েট, লেয়ারিং এবং হাতের সূক্ষ্ম কারুকাজ। একটি কিউতে পুরো দেশকে তুলে ধরা কঠিন হলেও সেই চেষ্টাই করেছেন মিধাত।

ফিট এলিগ্যান্সের ২৫ বছর

ফাইন টেইলরিংয়ে প্রসিদ্ধ ফিট এলিগ্যান্স। ছেলেদের কমপ্লিট স্যুট, ফরমাল শার্ট-প্যান্ট, ব্লেজার, ট্রাউজার, প্রিন্স কোট, শেরওয়ানির জন্য পারফেক্ট গন্তব্য। পাড়ি দিয়েছে অনেকটা পথ। এ বছর ২৬ মার্চ রজতজয়ন্তী উদ্‌যাপন করেছে ব্র্যান্ডটি। দীর্ঘ এই সময়ে অর্জিত প্রতিটি সাফল্যের আড়ালে অসংখ্য নীরব সংগ্রামের অজানা সব গল্প নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। যেন সুতোয় গাঁথা এক সমৃদ্ধ ইতিহাস। অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে এ বার্তা জানিয়েছে ফিট এলিগ্যান্স। তাদের সব ক্রেতা এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে ব্র্যান্ডটির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা শারমিন। এগিয়ে যাওয়ার আশাবাদ জানিয়েছেন।

আর্কা বৈশাখ ১৪৩৩

বাঙালির ঐতিহ্যের সঙ্গে তরুণদের যুক্ত করতে ফ্যাশন প্ল্যাটফর্ম আর্কা আয়োজন করেছে আর্কা বৈশাখ ১৪৩৩। তেজগাঁওয়ের আলোকি কনভেনশন হলে; ১৩ ও ১৪ এপ্রিল। সকালে পান্তা ভাত আর বিকেলে মেলার হইচই। ঢাকের তালে নাচবে মন। আবহে থাকবে দেশিয়ানা। নতুন প্রজন্মের কাছে প্রাসঙ্গিক হবে নতুন যুগের এই বৈশাখ। থাকবে আশাবাদের আহ্বান। চারটি পরিসরে আয়োজিত হবে বাঙালির এই চিরকালীন উৎসব। দেশীয় পণ্য কেনাকাটার ব্যবস্থা থাকবে মেলায়। কালেকটিভ মঞ্চে বসবে লাইভ গান, নাচ, আবৃত্তি ও অভিনয়ের আসর। খেলাঘরে থাকবে নস্টালজিক সব খেলার ব্যবস্থা। জম্পেশ খাওয়া-দাওয়া হবে ভোজনালয়ে। দেখা যাবে বাঙালি শিল্প-সংস্কৃতির আধুনিক রূপান্তর। নতুনত্ব ধরা দেবে ফ্যাশনেও। ঐতিহ্য বাঁচিয়ে রেখে উদ্‌যাপনকে যুগোপযোগী করে তুলবে আর্কার এই আয়োজন।
 ফ্যাশন ডেস্ক
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top