skip to Main Content

বিশেষ ফিচার I বাঙালির বাহুল্য বেশ

ফ্যাশন দুনিয়ায় দারুণ ট্রেন্ডি ম্যাক্সিমালিজম। সবাই জানে, মানে। চর্চায় চমৎকার। কিন্তু বাঙালির জন্যে নতুন কিছু নয়। কারণ এ তল্লাটে বহু আগে থেকে রাজত্ব করেছে। যখন ম্যাক্সিমালিজম ফ্যাশন বলে ছিল না কোনোকিছু। বাঙালিও জানতে পারেনি, তারা অতিরঞ্জনের আতিশয্যে ম্যাক্সিমালিস্ট হয়ে উঠেছে অজান্তেই

ম্যাক্সিমালিজম। ফ্যাশন দুনিয়ায় বহুল ব্যবহৃত শব্দ। রঙের সাহসী ব্যবহার, সাজের অতিরঞ্জন, অলংকারের প্রাচুর্য—সব মিলিয়ে মোর ইজ মোরের দর্শন। প্রশ্ন হলো, এই ট্রেন্ড কি সত্যি নতুন? নাকি আমরা শুধু নতুন ভাষায় পুরোনো অভ্যাসকে চিনতে শিখছি? বাঙালির ফ্যাশন ইতিহাসে চোখ রাখলে বোঝা যায়, ম্যাক্সিমালিজম তাদের জন্য নতুন কোনো ট্রেন্ড নয়; বরং এটি একটি প্রাচীন অভ্যাস, একধরনের সাংস্কৃতিক চর্চা।
বসনবিলাস
বাঙালির পোশাকের দিকে তাকালে প্রথম যে বিষয় চোখে পড়ে, তা হলো এর সরল গঠন কিন্তু জটিল প্রকাশ। গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে এই অঞ্চলের মানুষ বরাবরই বেছে নিয়েছে হালকা, বায়ু চলাচলের উপযোগী কাপড়—মসলিন, তাঁত, সুতি। এই কাপড়গুলোতে ভারী কাট বা লেয়ারিংয়ের সুযোগ কম। ফলে নকশা, বুনন, পাড়, আঁচল—এসব সূক্ষ্ম উপাদানের মধ্য দিয়ে তৈরি হয়েছে দৃষ্টিনন্দনতা। অর্থাৎ, গঠন ছিল সহজ; কিন্তু তার উপরিভাগ হয়ে উঠেছে গল্পময়। এখানেই বাঙালির ম্যাক্সিমালিজমের প্রথম সূত্র। সরলতার ওপর সূক্ষ্মতার স্তর।
বাঙালির ম্যাক্সিমালিজম প্রথম ধরা পড়ে টেক্সটাইলে। বাইরে থেকে দেখলে সরল মনে হলেও বেশির ভাগ সময়ে লেয়ারড আর্ট। জামদানি তার সবচেয়ে বড় উদাহরণ। স্বচ্ছ মসলিনের ওপর সূক্ষ্ম নকশা। ফুল, পাতা, জ্যামিতিক ফর্ম; যা বুননের ভেতরে তৈরি হয়। এই নকশাগুলো আলাদা করে বসানো নয়; বয়নে তৈরি। অর্থাৎ কাপড়ের ভেতরে মিশে থাকে। ফলে একটি জামদানি শাড়ি একই সঙ্গে হালকা ও জটিল। এখানে মিনিমালিজম ও ম্যাক্সিমালিজম—দুই-ই প্রাসঙ্গিক। বেনারসি, বালুচরী বা মুর্শিদাবাদ সিল্ক একই সাক্ষ্য দেয়। মোটিফের পর মোটিফ, রঙের পর রং—সব মিলিয়ে তৈরি হয় এক ভিজ্যুয়াল ন্যারেটিভ।
তথ্য অনুসন্ধান
এই সূক্ষ্মতা শুধু নান্দনিকতার কারণে নয়; বরং একসময়কার অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতার সঙ্গেও গভীরভাবে যুক্ত। ঐতিহাসিকভাবে অবিভক্ত বাংলা ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম সমৃদ্ধ অঞ্চল। এখানে উৎপাদিত মসলিন ও সূক্ষ্ম সুতি কাপড় বিশ্বজুড়ে সমাদৃত ছিল। দক্ষ কারিগর, প্রাকৃতিক রং এবং সময়সাপেক্ষ বুননপ্রক্রিয়া—সব মিলিয়ে এখানে তৈরি হতো এমন সব পোশাক, যা ছিল শিল্পকর্মের মতো। যখন একটি সমাজে দক্ষতা ও উপকরণের প্রাচুর্য থাকে; তখন সেখানে সংযম নয়, বরং বিস্তারই স্বাভাবিক হয়ে ওঠে। তাই বাঙালির পোশাকে সবিস্তারে কাজ, জটিল মোটিফ এবং সূক্ষ্ম অলংকরণ হয়ে ওঠে স্বাভাবিক প্রবণতা।
এই প্রবণতার পেছনে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো কারিগরনির্ভর সংস্কৃতি। বাঙালির ফ্যাশন শিল্প দীর্ঘদিন ধরে হাতে তৈরি কাজের ওপর নির্ভরশীল ছিল। জামদানি বয়ন, কাঁথা সেলাই, স্বর্ণকারের কাজ—সবই সময়, মনোযোগ আর দক্ষতার ফল। এই ধীর অথচ মনোযোগী প্রক্রিয়া নিজেই একধরনের শিল্পচর্চা। ফলে প্রতিটি পোশাক বা অলংকার হয়ে ওঠে একক, ব্যক্তিগত। এখানে সামান্যতে স্বস্তি নেই। ব্যাপ্তিতেই আনন্দ।
সমাজ-সংসার
তবে বাঙালির ম্যাক্সিমালিজমের সবচেয়ে শক্তিশালী দিক এর সামাজিক ও সাংস্কৃতিক ভূমিকা। পোশাক ও অলংকার শুধু সাজ নয়, এগুলো ছিল পরিচয়ের বাহক। বিবাহিত না অবিবাহিত, কোন পরিবারের, কোন অঞ্চলের—এসব তথ্য অনেক সময় পোশাক ও গয়নার মাধ্যমে প্রকাশ পেত। সোনার গয়না শুধু সৌন্দর্যের জন্য নয়, ছিল নিরাপত্তা ও সামাজিক অবস্থানের প্রতীক। চুড়ি, নাকফুল, হার—এসব একসঙ্গে মিলে তৈরি করত একধরনের দৃশ্যমান ভাষা। তাই ‘কম’ পরা মানে অনেক সময় ‘কম বলা’। এই প্রেক্ষাপটে ম্যাক্সিমালিজম হয়ে ওঠে যোগাযোগের একটি মাধ্যম।
রঙের ব্যবহারের ক্ষেত্রেও বাঙালির দৃষ্টিভঙ্গি ছিল সাহসী ও নির্ভীক। লাল-সাদা, হলুদ-সবুজ, নীল-গাঢ় রঙের মিশ্রণ—এসব কখনোই দ্বিধার বিষয় ছিল না; বরং উৎসব, ঋতু এবং আবেগের সঙ্গে রঙের গভীর সম্পর্ক ছিল। দুর্গাপূজার লাল-সাদা শাড়ি, বসন্তের হলুদ, বর্ষার নীল—এসব শুধু ফ্যাশন নয়; বরং একধরনের অনুভূতির প্রকাশ। এখানে রং কখনোই নীরব নয়, এটি কথা বলে।
আবেগ আবহ
বাঙালির সংস্কৃতিতে উৎসবের গুরুত্বও এই ম্যাক্সিমালিজমকে আরও দৃঢ় করেছে। দুর্গাপূজা, বিয়ে, পয়লা বৈশাখ—এসব উপলক্ষে সাজগোজ কখনোই সীমিত নয়; বরং এই সময়গুলোতে দৈনন্দিন সৌন্দর্যচর্চা হয়ে ওঠে আরও বিস্তৃত, আরও গভীর। তবে এটি শুধু বিশেষ দিনের জন্য নয়, বরং প্রতিদিনের জীবনেরই একটি সম্প্রসারিত রূপ।
সবশেষে, বাঙালির ফ্যাশনে যে বিষয় সবচেয়ে আলাদা করে চোখে পড়ে, তা হলো এর আবেগ। একটি শাড়ি শুধু পোশাক নয়; এটি হতে পারে মায়ের স্মৃতি, নানির উপহার, কিংবা কোনো বিশেষ দিনের স্মারক। পুরোনো শাড়ি থেকে তৈরি কাঁথা, প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা গয়না—এসবই প্রমাণ করে, বাঙালির কাছে ফ্যাশন মানে শুধু ‘দেখানো’ নয়, বরং ‘ধরে রাখা’। এই আবেগই ম্যাক্সিমালিজমকে দেয় ভিন্নমাত্রা। যেখানে প্রতিটি স্তর, প্রতিটি অলংকার, প্রতিটি রঙের পেছনে থাকে গল্প।
তাই বলা যায়, বাঙালির ম্যাক্সিমালিজম কোনো হঠাৎ আসা ট্রেন্ড নয়। এটি গড়ে উঠেছে আবহাওয়া, অর্থনীতি, কারিগরি দক্ষতা, সামাজিক কাঠামো এবং আবেগ—এই সবকিছুর সম্মিলিত প্রভাবে। আজকের ফ্যাশন দুনিয়া যাকে নতুন করে আবিষ্কার করছে, বাঙালি তা বহু আগেই নিজের মতো করে বাঁচিয়ে রেখেছে। এখানে মোর মানে শুধু বেশি নয়; বরং গভীর, সমৃদ্ধ ও অর্থবহ।
বাংলাদেশের নারী-পুরুষ সবাই দীর্ঘ সময় সেলাই ছাড়া কাপড় পরে দিন যাপন করতেন। এর কারণ ছিল একটি বিশ্বাস। মাটির শক্তি কাপড়ের সাহায্যে দেহে পৌঁছে যায়—এই ধারণা থেকে অভ্যস্ত হন তারা। পোশাকে আস্তর যোগ হওয়ার আগে স্তরে স্তরে গয়না যোগ হতে শুরু করে। এগারো শতাব্দী অব্দি বাঙালি নারীরা ৩০০ রকমের শাড়ি পরার কৌশল আবিষ্কার করেন, যার খুব অল্প কয়েকটিতে ব্লাউজ-পেটিকোটের সম্মিলনের খোঁজ পাওয়া যায়। আবার এই যে ব্লাউজ, তার খোঁজ পাওয়া যায় জৈন ধর্মের শিল্পকর্মে। মোটেই ব্রিটিশদের আবিষ্কার নয়। এই ব্লাউজেও ম্যাক্সিমালিজম ফ্যাশন জায়গা করে নিয়েছে। পুরোনো উদাহরণই টেনে আনা যাক। রাজস্থানে আঙ্গিস নামের একধরনের ব্লাউজ তৈরি হতো, যা গঠনগত নকশার মাধ্যমে ম্যাক্সিমালিজমের প্রতিনিধিত্ব করে। ব্লাউজের সামনের অংশ নানা রকম ফ্যাব্রিক আর নকশার উপস্থিতিতে হয়ে ওঠে অনন্য। কখনো কারুকাজ কখনো ফয়েলের মতো চকচকে কাপড়ের ব্যবহার।
অলংকারে অত্যুক্তি
বাঙালির ম্যাক্সিমালিজম সবচেয়ে দৃশ্যমান হয় গয়নায়। ইতিহাস বলছে, অলংকার ছিল শুধু সাজ নয়; বরং পরিচয়। প্রাচীন বাংলার মূর্তি বা প্রত্ননিদর্শনে দেখা যায়, নারীরা মাথা থেকে পা পর্যন্ত অলংকারে সজ্জিত। টিকলি, নথ, কানের দুল, হার, বালা, কোমরবন্ধ, নূপুর—সব একসঙ্গে। কোনো ওভারড্রেসিং সেই সময়ে ছিল না। জমিদারি যুগে এই প্রবণতা আরও স্পষ্ট হয়। ভারী সোনার গয়না, সূক্ষ্ম ফিলিগ্রি কাজ, লেয়ারড নেকলেস ছিল স্বাভাবিক গয়না। কারণ, বাঙালির কাছে প্রতিটি গয়না শুধু সৌন্দর্যের নয়; উত্তরাধিকার ও স্মৃতির অংশ।
নিত্যদিনের নিমিত্তে
বাঙালির জন্য মিনিমালিজম আনকোরা। নিজস্ব কিছু নয়। গয়না একসময় বাঙালির কাছে অলংকার ছিল নিত্যদিনের সাজ। শাঁখা-পলা, কাচের চুড়ি, সোনার ছোট দুল—এসব ছিল পরিচয়। এমনকি ঘরোয়া পোশাকের সঙ্গেও থাকত অলংকারের উপস্থিতি। সাজ মানেই শুধু উৎসব নয়; সাজ মানেই জীবন। পুরুষদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ছিল না। আংটি, বোতাম, পাগড়ির অলংকার—সব মিলিয়ে একটি সম্পূর্ণ উপস্থিতি তৈরি হতো। সিন্দুকে তুলে রাখার সময় কই? জন্ম থেকেই বরণ করা হতো গয়নার আশীর্বাদে।
নন্দিত নিজস্বতা
বাঙালির ম্যাক্সিমালিজমের আরেকটি মজার দিক হলো নিজস্বতার ছাপ। একটি চিরুনি, একটি সিঁদুরদানি বা একটি কাচের চুড়ি—এসব কখনোই শুধু ব্যবহারিক জিনিস ছিল না। এগুলোর মধ্যেও ছিল পরিচয়। এই যে প্রতিটি জিনিসে খনিকটা ভিন্নতা যোগ করার প্রবণতা, এটাই তো ম্যাক্সিমালিজমের চাবিকাঠি। ফ্যাশন ইন্ডাস্ট্রি ম্যাক্সিমালিজমকে নতুন করে নাম দিয়েছে। কিন্তু বাঙালির কাছে এটি কোনো নতুন ধারণা নয়। অথবা দুঃসাহসে বলা যায়, বাঙালিতেই শুরুয়াত। যদিও ইতিহাস সাক্ষ্য দেয়, সেই তালিকায় জাপান, ইতালিও আছে ভারতীয় উপমহাদেশের সঙ্গে।

 ফ্যাশন ডেস্ক
মডেল: সারা আলম
মেকওভার: পারসোনা
ছবি: জিয়া উদ্দীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top