রাজধানীর ব্যস্ত সড়কে প্রতিদিন অসংখ্য রিকশা ছুটে চলে। ধীরগতির এই বাহন যেন ঢাকার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। দ্রুতগতির শহরে যেখানে সবকিছুই তাড়াহুড়োর, সেখানে রিকশায় যাত্রা নিয়ে আসে এক ভিন্ন ছন্দ।
রিকশায় বসে শহরকে দেখা যায় অন্যভাবে। ট্রাফিকের মাঝেও চোখে পড়ে রাস্তার ছোট ছোট দৃশ্য- ফুটপাতের দোকান, পথচারীর হাসি, কিংবা হঠাৎ ভেসে আসা কোনো গান। এই যাত্রা শুধু গন্তব্যে পৌঁছানো নয়, বরং পথের প্রতিটি মুহূর্ত অনুভব করার এক সুযোগ।

শুধু পরিবহন নয়, রিকশা ঢাকার সংস্কৃতিরও এক গুরুত্বপূর্ণ অংশ। রঙিন রিকশা আর্ট, পেছনের আঁকা ছবি, আর চালকের সঙ্গে ছোটখাটো আলাপ—সব মিলিয়ে এটি হয়ে ওঠে এক চলমান গল্প। অনেকের কাছে রিকশায় যাত্রা একধরনের স্বস্তি, বিশেষ করে দিনের ক্লান্তি শেষে। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে, বাতাসের ছোঁয়ায় ভেসে চলা এই সময়টুকু যেন একান্ত নিজের হয়ে ওঠে। কেউ ভালোবাসে বৃষ্টির দিনে রিকশার হুড নামিয়ে বৃষ্টিবিলাস করতে। রাত-বিরাতে ব্যস্ত নগরী কিছুটা শান্ত হলে ফাঁকা রাস্তায় অনেকে ঘুরতে বেরিয়ে পড়েন রিকশায়।
ঢাকার দ্রুত পরিবর্তনশীল জীবনে রিকশা আজও মনে করিয়ে দেয়, সবকিছু দ্রুত হতে হবে না। কখনো কখনো ধীরে চলাই শহরকে অনুভব করার সুন্দর উপায়।
I ক্যানভাস অনলাইন
ছবি: সংগ্রহ
