মাসব্যাপী ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপণী অনুষ্ঠান পূর্বাচলস্থ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয় ৩১ জানুয়ারি ২০২৬। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার সমাপনী ঘোষণা করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আয়োজনের সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফের সার্বিক সহযোগিতায় ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফইএবি) নিবেদিত ‘সুতোর গল্প– নিজস্বতায় বোনা উৎসব’ শিরোনামে দেশীয় ঐতিহ্যবাহী পণ্যের একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।

তাতে দেশের ঐতিহ্য ও সৃজনশীলতার স্বাক্ষর জামদানি শাড়ি, সিল্কের হাতের কাজের শাড়ি, ইউনেসকো স্বীকৃত টাঙ্গাইল শাড়ি, প্রাকৃতিক রঙে নকশাকৃত শাড়ি প্রদর্শিত হয়।

ফ্যাশন শোতে বিষয়ভিত্তিক উপস্থাপনার পাশাপাশি উৎসব, ইতিহাস ও আবেগকে ধারণ করে, এমন দিবসভিত্তিক উপস্থাপনা সংযোজিত হয়। টাঙ্গাইল শাড়ি কুটির, মুনিরা ইমদাদের জামদানি ও টাঙ্গাইল শাড়ি, শিল্পী মো. আমিনুল ইসলামের সিল্কের হাতের কাজের শাড়ি, অয়ন ক্রাফটস নাঈমা ইসলামের নকশাকৃত প্রাকৃতিক রঙের শাড়ির মাধ্যমে বিষয়ভিত্তিক উপস্থাপনার সঙ্গে অঞ্জনসের বসন্তের শাড়ি, কে ক্রাফটের শাড়িতে বৈশাখ, সাদাকালোর ২১শের শাড়ি ও রঙ বাংলাদেশের বিজয় দিবসের শাড়িতে এ দেশের মানুষের আনন্দ, উৎসব, আত্মত্যাগ, স্বাধীনতার গৌরব, বিজয়ের অহংকার ও আত্মপরিচয়ের আখ্যান উপস্থাপন করা হয়।

শোর ফ্যাশন একসেসরিস ব্যাগ কালেকশন সহযোগিতায় ছিলেন ট্যানের তানিয়া ওয়াহাব ও কালিন্দীর মুনিয়া জামান। ফ্যাশন শো কোরিওগ্রাফার বুলবুল টুম্পার সঙ্গে শো স্টপার হিসেবে মঞ্চে আসেন জনপ্রিয় মডেল ইমি।
- ক্যানভাস অনলাইন
ছবি: জুনায়েদ আহমেদ ফটোগ্রাফি [আয়োজকদের সৌজন্যে]

