নখদর্পণ I ডেইজি ডেট
ফ্লোরাল নেইল আর্ট মানেই চোখে পড়ার মতো মেনিকিউর। সেখানে ডেইজি নেইল আর্ট হলে তো কথাই নেই! আসন্ন বসন্ত মাথায় রেখে সোশ্যাল মিডিয়ার ফিড খুললেই দেখা যাচ্ছে সাদা-হলুদ ছোট ছোট ডেইজি ফুল; কখনো প্যাস্টেল ব্যাকগ্রাউন্ডে, কখনো নিয়ন বা গ্লসি ফিনিশে। কিউট অ্যান্ড ফান। ডেইজি নেইল আর্ট এখন শুধু ট্রেন্ড নয়, পুরো একটি মুড
ডেইজি ফুলের অন্তর্নিহিত তাৎপর্য যেন শুদ্ধতা আর আনন্দ। ঠিক সেই অনুভূতিই নখে এনে দিতে পারে ডেইজি ডিজাইন। হালকা, সতেজ আর চোখে পড়ার মতো এই ফুলেল মোটিফ স্প্রিং ও সামার মেনিকিউরের জন্য যেমন আদর্শ, তেমনি মিনিমাল ফ্লোরাল লুক পছন্দ করেন যারা, তাদের কাছেও জনপ্রিয়। স্প্রিং ফেস্টিভ কিংবা ছুটি কাটাতে যাওয়ার মতো বিশেষ মুহূর্তে ডেইজি নেইল আর্ট যোগ করে এলিগ্যান্স। পাশাপাশি মেনিপেডি ম্যাচিং সেটেও এই ডিজাইনগুলো দারুণ মানিয়ে যায়। সবচেয়ে বড় কথা, ডেইজি ন্যুড বেস, প্যাস্টেল শেড, বোল্ড কালার কিংবা ট্রান্সপারেন্ট টিপ—সব ধরনের স্টাইলের সঙ্গে অনায়াসে খাপ খাইয়ে নেয়।
লেস ইজ মোর
শিয়ার ন্যুড বা হালকা পিঙ্ক বেসের ওপর সাদা পাপড়ি আর মাঝখানে ছোট হলুদ ডট, এই ক্ল্যাসিক কম্বিনেশন দেখতে যেমন পরিষ্কার ও এলিগ্যান্ট, তেমনি সম্পন্ন করা সহজ। প্রতিটি নেইলে একটি বা দুটি ছোট ডেইজি রাখলেই লুক হতে পারে ন্যাচারাল ও ব্যালান্সড, যা দৈনন্দিন ব্যবহারের জন্য পারফেক্ট। একটি ববি পিন বা সাধারণ টুথপিক দিয়েও খুব সুন্দরভাবে ডেইজি আঁকা যায়। সহজ, সময় সাশ্রয়ী আর স্টাইলিশ।
সিম্পল বাট স্পেশাল
সব নখে ফুল আঁকার ঝামেলায় যেতে মন না চাইলে ডেইজি অ্যাকসেন্ট নেইল হতে পারে আদর্শ সমাধান। এই স্টাইলে বেশির ভাগ নখ রাখা হয় সলিড রঙে, আর এক বা দুটি নেইলে রাখা যেতে পারে ডেইজি ডিজাইন। ফলে লুক একদিকে যেমন সাধারণ, অন্যদিকে নজরকাড়া। প্যাস্টেল ব্লু বা ল্যাভেন্ডার বেসের সঙ্গে একটি ডেইজি, ফ্রেঞ্চ মেনিকিউরের রিং ফিঙ্গারে ছোট ফুল, কিংবা ম্যাট বেসের ওপর গ্লসি ডেইজি, এই কম্বিনেশনগুলো ভীষণ জনপ্রিয়। যারা সেফ সাইডে থাকতে ভালোবাসেন, কিন্তু সামান্য ফান টাচ রাখতে চান, তাদের জন্য এই স্টাইল একদম পারফেক্ট।
কালারফুল ক্যারিশমা
ডেইজি মানেই যে শুধু সাদা-হলুদ হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। রঙের সঙ্গে এক্সপেরিমেন্ট করলে এই নেইল আর্ট হয়ে উঠতে পারে আরও সাবলীল। মভ বা পিঙ্ক ডেইজি লুক দিতে পারে রোমান্টিক ও হালকা ভাইব, আবার বেবি ব্লু ও হলুদের কম্বিনেশন মনে করিয়ে দেয় পরিষ্কার আকাশের দিন, আর নিয়ন গ্রিন বা লেমন-লাইম শেড এনে দিতে পারে পুরোদস্তুর সামার এনার্জি। রেট্রো কালার প্যালেট ব্যবহার করে মিসম্যাচড ডেইজি সেটও ট্রেন্ডি। চাইলে মাল্টিকালার পাপড়ি দিয়েও ডেইজি আঁকা সম্ভব; তাতে কিউটনেস লেভেল এক ধাক্কায় দ্বিগুণ হয়ে যায়।
ক্ল্যাসিক অ্যান্ড কিউট
ফ্রেঞ্চ মেনিকিউর এমন এক ক্ল্যাসিক, যা কখনো আউটডেটেড হয় না। এই চিরচেনা স্টাইলের সঙ্গে ডেইজি যোগ হলে লুক হয়ে ওঠে আরও ফেমিনিন। ল্যাভেন্ডার ফ্রেঞ্চ টিপের ওপর ছোট ডেইজি, মিল্কি ন্যুড বেস, আর নেইল টিপের পাশে ছোট্ট একটি ফুল। অথবা, স্মাইল লাইনের ওপর সারি সারি মিনি ডেইজি—সব কটিই ভীষণ সফট ও স্টাইলিশ অপশন। ব্রাঞ্চ ডেট বা ডে-টাইম প্ল্যানিংয়ের জন্য এই লুকগুলো একদম আদর্শ।
লিটল এক্সট্রা
যাদের কাছে সিম্পল ডিজাইন একটু একঘেয়ে মনে হয় এবং নেইলে খানিকটা স্টেটমেন্ট চান, তাদের জন্য থ্রিডি ডেইজি হতে পারে দারুণ পছন্দ। রেইজড জেল পাপড়ি দিয়ে তৈরি থ্রিডি ডেইজি, প্রতিটি ফুলের মাঝখানে ২-৩টি রাইনস্টোন, কিংবা পুরো ফুল রাইনস্টোন দিয়ে সাজানো ডিজাইন—সবই লুককে করে তোলে ড্রামাটিক ও গ্ল্যাম। লম্বা অ্যাক্রিলিক বা কফিন শেপ নেইলে এই ডিজাইনগুলো বিশেষভাবে নজর কাড়ে।
অ্যাবস্ট্র্যাক্ট অ্যাট্রাকশন
ন্যুড আর প্যাস্টেল যদি আপনার স্টাইল না হয়, অ্যাবস্ট্র্যাক্ট ডেইজি ডিজাইন দিয়ে একদম বোল্ড লুকে যেতে পারেন। ভাইব্র্যান্ট ব্যাকগ্রাউন্ডের ওপর স্কেচি ডেইজি, কালার ব্লকিংয়ের সঙ্গে ওভারসাইজড ফুল, কিংবা অসামঞ্জস্যপূর্ণ শেপ আর ফ্রি-ফর্ম ব্রাশ স্ট্রোক—এই ডিজাইনগুলো দেখতে মনে হতে পারে যেন আপনার নখগুলো একটি আর্ট গ্যালারির অংশ। যারা একটু আলাদাভাবে নিজের নখ সাজাতে ভালোবাসেন, তাদের জন্য এই স্টাইলগুলো এককথায় হেড টার্নার।
গ্লেজড অ্যান্ড গ্লসি
গ্লেজড ডোনাট নেইল ট্রেন্ড এখনো দারুণভাবে চলছে। তার সঙ্গে ডেইজি যোগ হলে লুক হয়ে ওঠে ড্রিমি ও এলিগ্যান্ট। পার্লি হোয়াইট বেসের ওপর সাদা পাপড়ি আর মাঝে হালকা হলুদ সেন্টার, এই কম্বিনেশন দেখতে সিম্পল হলেও দেয় অসাধারণ ফিনিশ। যারা ক্লিন গার্ল ভাইব পছন্দ করেন, তাদের জন্য এটি একদম পারফেক্ট অপশন।
নস্টালজিক টাচ
একটু আলাদা ও রোমান্টিক কিছু চাইলে আসল ফুল, লেস ও ভিনটেজ-ইনস্পায়ার্ড ডেইজি ডিজাইন করা যেতে পারে। প্রেসড রিয়েল ডেইজি ব্যবহার করে নখ সাজানো, লেস-ইফেক্ট ডেইজি, কিংবা সফট ব্রাশ স্ট্রোক ও মিউটেড কালারের ব্যবহার। সব মিলিয়ে লুক হয়ে ওঠে ভীষণ নস্টালজিক। তবে এই ধরনের ডিজাইনে ভালো মানের টপ কোট ব্যবহার জরুরি; না হলে ফুল বা ডিটেইলস টিকবে না।
ডেইজি পেডিকিউর
স্যান্ডেল সিজনে স্টাইলিশ লুক শুধু হাতের নখে সীমাবদ্ধ থাকে না, পায়েও ডেইজি ডিজাইন যোগ করলে পুরো লুক হয়ে ওঠে আরও নজরকাড়া। ডেইজি পেডিকিউরের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট প্রথম আঙুলে একটি স্পষ্ট ডেইজি মোটিফ রাখা এবং বাকি আঙুলগুলোকে সলিড রঙে সাজানো, যাতে ডিজাইনটি চোখে পড়লেও অতিরিক্ত ভারী না লাগে। সাদা বা মিল্কি বেসের ওপর ছোট মিনি ডেইজি পেডিকিউরকে দেয় পরিষ্কার ও সফট ভাইব; আবার গ্রেডিয়েন্ট টোনের সঙ্গে প্রতিটি পায়ে একটি ফুল যোগ করলে লুক হয়ে ওঠে আরও প্লেফুল। যারা ডিটেইল ভালোবাসেন, তারা মেনিপেডির রং বা ফুলের মোটিফ মিলিয়ে নিতে পারেন। এতে পুরো স্টাইল দেখায় আরও গোছানো এবং নিঃসন্দেহে স্টাইলিশ।
ডেইজি নেইল আর্ট শুধু কোনো সাময়িক ট্রেন্ড নয়। এটি একটি টাইমলেস ফ্লোরাল স্টেটমেন্ট, যা বছর ঘুরে নতুনভাবে ফিরে আসে। কখনো কিউট ও চিয়ারফুল, কখনো সফট এলিগ্যান্ট, আবার কখনো একদম এক্সট্রা ও বোল্ড। ডেইজি সব ধরনের মুড ও স্টাইলের সঙ্গে অনায়াসে মানিয়ে যায়। তাই পরের বার মেনিকিউরের পরিকল্পনার সময়, ডিজাইনে একগুচ্ছ ছোট্ট ডেইজি যোগ করে নেওয়া যেতেই পারে। বসন্ত আর ভালোবাসার স্পর্শ থাকুক নখেও।
শিরীন অন্যা
ছবি: সংগ্রহ
