skip to Main Content

হরাইজন

কিংবদন্তির বিদায়

ইতালি ও ফ্রান্সকে এক করেছিলেন তিনি। যুদ্ধ বা ভূখণ্ডে নয়, সংস্কৃতিতে। ভ্যালেন্তিনো গারাভানি। ১৯ জানুয়ারি ২০২৬, প্রয়াত হয়েছেন এই কিংবদন্তি। ৯৩ বছর বয়সে। বাস করতেন নিজ জন্মভূমি ইতালির রোম শহরে। ১৯৩২ সালে জন্ম। পড়াশোনার সুবাদে একসময় পাড়ি জমান ফ্রান্সে। ইতালীয় ফ্যাশন সত্তাকে সঙ্গে নিয়ে। তারপর দ্রুতই প্রেমে পড়েন ফ্রান্স এবং সেখানকার ফ্যাশনের। দুইয়ে মিলে একাকার হয় ভ্যালেন্তিনোর মন। সৃষ্টি করেন ফ্যাশনের এক নতুন ধারা। গড়ে তোলেন ব্র্যান্ড ‘ভ্যালেন্তিনো’। হয়ে ওঠেন ফ্যাশন ও বিউটি জগতের এক ক্ল্যাসিক নাম। পোশাক, পারফিউম, জুয়েলারি, জুতা, ব্যাগ থেকে শুরু করে নকশা করেছেন গৃহসজ্জাও। ভালোবাসতেন লাল রং। তাই উদ্ভাবন করেছিলেন লালের এক অনন্য শেড। নাম দিয়েছিলেন নিজের নামেই—ভ্যালেন্তিনো রেড। অস্কার থেকে কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেট মানেই যেন ভ্যালেন্তিনো। জুলিয়া রবার্টস থেকে জেনিফার লোপেজ, জেনিফার অ্যানিস্টন, শ্যারন স্টোন, নিকোল কিডম্যান, ঐশ্বরিয়া রাই, প্রিয়াংকা চোপড়াসহ অনেকে পরেছেন তার তৈরি পোশাক। ২০০৮ সালে দীর্ঘ কর্মজীবনের ইতি টানেন ভ্যালেন্তিনো।

ডিওর উইন্টার ২৬-২৭ শো
নতুন বছরে কেমন হবে পুরুষদের পোশাক—প্রশ্নটির উত্তর দিয়েছে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ডিওর। ২১ জানুয়ারি প্যারিসের মন্টেইনের অ্যাভিনিউ ৩০-এ অবস্থিত ডিওর অ্যাটেলিয়ারের বাইরে এ বছরের প্রথম ফ্যাশন শোর পর্দা তুলেছে ব্র্যান্ডটি। সাড়ে ১৮ মিনিটের চোখধাঁধানো ফ্যাশন শো। শুরুতেই ভেঙে দেওয়া হয় ছেলেদের পোশাক নিয়ে প্রচলিত মনোভাব। প্রথমেই মডেল হেঁটেছেন সাধারণ জিনস প্যান্টের সঙ্গে ঝলমলে গোলাপি রঙের সিকুয়েন্স টপ পরে। ফিরিয়ে আনা হয়েছে ঐতিহ্যবাহী ক্র্যাভেট কলার। আলাদাভাবে নজর কেড়েছে ফ্লোরাল এমবেলিশমেন্ট করা থ্রিডি প্যাটার্নের জ্যাকেট। কাঁধের ঝলমলে শোল্ডার প্যাডে থমকে গেছে দর্শকদের চোখ! সংগ্রহটির নকশা করেছেন জোনাথন অ্যান্ডারসন। পোশাকের যেখানে চেয়েছেন, সেখানেই দর্শকদের দৃষ্টি আটকে দিয়েছেন এই ডিজাইনার। নতুনের সঙ্গে ঐতিহ্য—দুয়ে মিলে অপূর্ব।

জিভাঁশির নতুন সিইও

অ্যামেনডিন ওহাইয়োন। জানেন ফ্যাশন ও সৌন্দর্যজগতের আদ্যোপান্ত। ল’রিয়েলে কাজ করেছেন প্রায় ১৯ বছর। ছিলেন আন্তর্জাতিক ব্রাইডাল ফ্যাশন ব্র্যান্ড প্রোনোভিয়াসের সিইও। সেখানে সাড়ে ৫ বছর কাজ করে একই পদে যোগ দেন যুক্তরাজ্যের লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড স্টেলা ম্যাককার্টনিতে। সব মিলিয়ে ২৬ বছরের অভিজ্ঞতা! এবার যেন সেটাই লুফে নিল ফরাসি লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড জিভাঁশি। এ বছরের ৯ জানুয়ারি ব্র্যান্ডটির সিইও পদে নিযুক্ত হয়েছেন অ্যামেনডিন। ওদিকে, জিভাঁশির সাবেক সিইও আলেসান্দ্রো ভ্যালেন্তি যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ান ডিওরের ডিএমডি পদে। ব্যবস্থাপক পর্যায়ের এই অদলবদলের সিদ্ধান্ত এসেছে ব্র্যান্ডগুলোর নিয়ন্ত্রক ও বহুজাতিক প্রতিষ্ঠান এলভিএমএইচ থেকে। বিশ্বের প্রায় ৭৫টি নামীদামি বিলাসবহুল ব্র্যান্ড নিয়ে কাজ করে প্যারিসভিত্তিক এই প্রতিষ্ঠান।
 ফ্যাশন ডেস্ক
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top